পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সম্প্রতি মন্তব্য করেছেন যে, পাকিস্তান সেনাবাহিনী ভারতের অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়েছে। তিনি উল্লেখ করেছেন যে, পাক সেনাবাহিনী ভারতকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছে।
শেহবাজ শরিফ ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যুদ্ধ নাকি শান্তি চাও তোমরা— সেই সিদ্ধান্ত তোমাদের।” তিনি এই বক্তব্যটি পাসরুর সেনানিবাসে সৈনিকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তুলে ধরেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানায়, শেহবাজ শরিফ বলেন, “ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানের সেনাবাহিনী ভারতকে চরম মানসিক ধাক্কা দিয়েছে।” তিনি সৈনিকদের উদ্দেশ্যে বলেন, “আমাদের থেকে বড় শত্রু ভারতের অনেক বিলিয়ন ডলারের যুদ্ধসরঞ্জাম আছে বলে তারা গর্ব করত। কিন্তু আপনারা (সৈনিকরা) তাদের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছেন, তাদের বড়সড় ধাক্কা দিয়েছেন।
তিনি আরও বলেন, “ভারত ভাবত যে পাকিস্তান প্রচলিত যুদ্ধ কৌশলে অনেক পিছিয়ে, কিন্তু আপনারা যেভাবে যুদ্ধ করেছেন, তা প্রমাণ করে দিয়েছে যে আমরা শুধু প্রচলিত যুদ্ধেই নয়, প্রযুক্তিগত দিক থেকেও সমানভাবে প্রস্তুত।”
শেহবাজ সরাসরি ভারতকে উদ্দেশ্য করে বলেন, “আমরা যুদ্ধের জন্যও প্রস্তুত, আবার শান্তির জন্যও। (কোনটি তোমরা চাও, সেই) সিদ্ধান্ত তোমাদের।” তিনি ভারতকে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ভারত যদি আমাদের পানির প্রবাহ বন্ধ করে দেয়, সেটা হবে আমাদের জন্য রেড লাইন। পানি আমাদের অধিকার। সেই অধিকার রক্ষায় আমাদের সাহসী সেনাবাহিনী লড়াই করবে।”
এছাড়া, জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক হামলার পর ভারত সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয়। শেহবাজ সরকার ভারতের এই পদক্ষেপকে পাকিস্তানের স্বার্থের জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছে।
কাশ্মির ইস্যুতে শেহবাজ শরিফ বলেন, “কাশ্মির ইস্যু জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী সমাধান করতে হবে। তারপরই বাণিজ্য আলোচনার কথা ভাবা যেতে পারে। শুধু বাণিজ্য নিয়ে আলাদা আলোচনা নয়, এটি হতে হবে একটি সমগ্র আলোচনা কাঠামোর অংশ হিসেবে।
তিনি আরও জানান, পেহেলগাম হামলার ঘটনায় পাকিস্তান পূর্ণ ও আংশিক তদন্তের প্রস্তাব দিয়েছিল এবং সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ভারতের পক্ষ থেকে সেই প্রস্তাবের বদলে রাতের আঁধারে হামলা চালানো হয়। পাকিস্তান এরপর উপযুক্ত জবাব দিয়েছে।
শেহবাজ শরিফ বলেন, “ভারত পাকিস্তানের পানির উৎস নিয়লম-ঝেলাম এলাকায় হামলা চালিয়েছে। পাকিস্তান তখন সংযম দেখিয়েছে। কিন্তু তিনি হুঁশিয়ার করে বলেন, ‘আমাদের সেনাবাহিনীর সক্ষমতা আছে ভারতের বাগলিহার-সহ অন্যান্য পানি প্রকল্প ধ্বংস করে দেওয়ার।