জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় শীর্ষ নেতারা আগামী রোববার, ২৭ জুলাই, জামালপুরে পদযাত্রায় অংশ নিতে আসছেন। এই সফরটি দলের জুলাই মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হবে।
শনিবার, ২৬ জুলাই, জামালপুর জেলা পরিষদের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন যে, এনসিপি’র নেতারা রোববার রাত ৮ টায় শহরের চামড়াগুদাম মাদ্রাসা, হযরত শাহজামাল (র.) মাজার এবং দয়াময়ী মন্দির পরিদর্শন করবেন। পরবর্তীতে তারা হরিজন পল্লীতে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন এবং জামালপুর শহরে রাত্রী যাপন করবেন।
পরবর্তী দিন, ২৮ জুলাই, সকাল ৯টায় তারা সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর বেলা ১১টায় পদযাত্রা শুরু হবে, যা শহরের ফৌজদারী মোড়ে একটি পথসভায় শেষ হবে।
এ কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তানসিম জারা, নাহিদা সরওয়ার নিভা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, সদস্য মশিউর আমিন শুভ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল এবং সংগঠক মোসাদ্দেকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে জামালপুর জেলা কমিটি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন লুৎফর রহমান। তিনি বলেন, নেতাদের পদযাত্রা উপলক্ষে শহর ও গ্রামে মাইকিং, প্রচারণা এবং গণসংযোগ চলছে। তরুণ নেতৃত্বের উপস্থিতিতে একটি বড় ধরনের গণজমায়েত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।