বর্তমান সরকারের পতন না-হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এ ঘোষণা দেন।তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধ। বিএনপি রাজপথে আছে এবং থাকবে। বিএনপির এই নেত্রী বলেন, ডান-বাম সবাই ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। শিগগির দেশের জনগণ আওয়ামী সরকারের পতন ঘটাবে।সেলিমা রহমান আরও বলেন, গত ২৮ অক্টোবরের পর সারাদেশে প্রায় ২০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকেই ঘরে ঘুমাতে পারে না। ছেলেকে না পেলে পরিবারের অন্য সদস্যদের নিয়ে যাওয়া হচ্ছে। কারাগারে নেতাকর্মীদের ন্যায্য অধিকারও দেওয়া হচ্ছে না।দেশের বিচার বিভাগএকজনের নির্দেশে চলছে মন্তব্য করে তিনি বলেন, বিশ্বের কোথাও বাংলাদেশের মতো মানবাধিকার লঙ্ঘন নেই। সরকার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ অনেকগুলো কার্যালয় বন্ধ করে রেখেছে।এর আগে, গত ৪ ডিসেম্বর দশম দফার অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। সে সময় জানানো হয় ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গুম-খুন ও গ্রেফতার হওয়াদের পরিবারের সদস্যদের সমন্বয়ে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি।