চলতি বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এতে ডেমোক্রেটিক দল থেকে কোন ব্যক্তি প্রার্থী হবেন, তার প্রাথমিক বাছাইপর্বে জিতেছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্রেটিক প্রার্থী বাছাইয়ের প্রাথমিক পর্বে সাউথ ক্যারোলাইনায় অপ্রতিরোধ্য জয় নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।তিনি পেয়েছেন ৯৬ শতাংশের বেশি ডেমোক্রেটদের ভোট। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী লেখক ম্যারিয়ান উইলিয়ামসন ২ শতাংশ এবং মিনেসোটার কংগ্রেস সদস্য ডিন ফিলিপস ১ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন। এটি ডেমোক্রেটদের প্রথম প্রাথমিক বাছাইপর্ব।নির্বাচনকে সামনে রেখে দলের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রাথমিক বাছাইপর্ব শুরু হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সপ্তাহখানেকের মধ্যে এ অঙ্গরাজ্য থেকে রিপাবলিকানদের পক্ষে প্রাথমিক বাছাইয়ে ডোনাল্ড ট্রাম্প জয়ী হতে পারেন। অন্যদিকে, ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী সমাবেশে অংশ নেওয়ার সময় সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে বড় জয়ের খবর পান বাইডেন। এরপর এক বিবৃতিতে তিনি বলেন, ২০২৪ সালে সাউথ ক্যারোলাইনার জনগণ আবারও তাদের রায় দিয়েছেন। এর আগে, ২০২০ সালের নির্বাচনী প্রচারণায় সাউথ ক্যারোলাইনার ভোটাররা যেভাবে সমর্থন দিয়েছিলেন, তা স্মরণ করে বাইডেন বলেন, কোনো সন্দেহ নেই, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনেও ভোটাররা তার জয়ের পথ নির্ধারণ করে দেবেন।৮১ বছর বয়সি বাইডেন তার বয়সের কারণে কিছু ভোটারের কাছে অপছন্দের প্রার্থী। তার জনপ্রিয়তা নিয়ে এমন উদ্বেগের মধ্যে এই ভোটের দিকে নিবিড় নজর রাখা হয়েছে। বিশেষ করে কৃষ্ণাঙ্গ ভোটারদের ভোট তিনি কতটা টানতে পারছেন সেদিকে লক্ষ রাখা হচ্ছে। মূলত এই কৃষ্ণাঙ্গ ভোটের জেরেই ট্রাম্পকে হারিয়ে হোয়াইট হাউজে ঢুকেছিলেন জো বাইডেন।