বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে আর লাল-সবুজ জার্সিতে দেখা যাবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব
ভুঁইয়া। সোমবার রাতে বেসরকারি টেলিভিশন টোয়েন্টি ফোর-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দেন।
মুঠোফোনে আসিফ মাহমুদ বলেন, সাকিব এখনও আওয়ামী লীগকে ধারন করে বলেই ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। তাই সাকিব যেন আর কখনও বাংলাদেশের জার্সি গায়ে দিতে না পারেন, সেজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা দেয়ার কথাও জানিয়েছেন তিনি।
তার ভাষ্য, ‘যতবার সাকিব দেশে আসার জন্য চেয়েছেন, খেলার জন্য চেয়েছেন, বলেছেন ‘‘আমাকে জোর করে নমিনেশন দেয়া হয়েছে। আমি রাজনীতির সাথে জড়িত না। আমি শুধু এমপি ইলেকশনটা করেছি এলাকার মানুষের জন্য কাজ করতে চেয়েছি।’’ কিন্তু আসল সত্যটা তো হচ্ছে, তিনি আসলে আওয়ামী রাজনীতির সঙ্গে আষ্টেপৃষ্টভাবে জড়িত, যার প্রমাণ আমরা পেলাম।’
এদিকে সাকিবের বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নতুন কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে সবচেয়ে বড় ধাক্কা আসতে যাচ্ছে বিসিবি থেকে। ক্রীড়া উপদেষ্টা নিশ্চিত করেছেন, সাকিবকে না রাখার বিষয়ে খুব শিগগিরই বোর্ডকে জানিয়ে দেওয়া হবে।
সম্প্রতি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া সাকিবের এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আসিফ মাহমুদ ও তাঁর মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি বক্তব্য। সামাজিক যোগাযোগমাধ্যমেও তা নিয়ে চলছে তীব্র বিতর্ক। এর মধ্যেই নিজের এমন সিদ্ধান্তের কথা জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
তিনি বলেন, ‘তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না। বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেওয়া, এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেওয়া সম্ভব না। ইতিপূর্বে এটা আমি বিসিবিকে না বললেও এখন আমার বোর্ডের প্রতি স্পষ্ট নির্দেশনা থাকবে, সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ টিমে খেলতে পারবেন না।’