যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আরও ৭৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।
শুক্রবার বিকেল থেকে শনিবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার ছাড়াও বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে দেশে তৈরি ১টি একনলা বন্দুক, কার্তুজ ২টি, রামদা ৪টি, চাপাতি ২টি, ছুরি ১টি, এলজি ১টি ও কাঁচি ১টি।
পুলিশ সদর দফতর জানায়, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে শুক্রবার বিকেল থেকে শনিবার বিকেল পর্যন্ত ১ হাজার ৩৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার হয়েছে ৭৬৯ জন এবং অন্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেফতার হয়েছে ৫৭২ জন।
প্রসঙ্গত, দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ‘ডেভিল হান্ট’ অপারেশন গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে সারা দেশে একযোগে শুরু হয়।