লোকাল মস্তান থেকে শাহেনশাহর তাজ’- ‘হুব্বা’ চরিত্রটি নিয়ে এভাবেই বলছে সিনেমা সংশ্লিষ্টরা। আর এই হুব্বা চরিত্রে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। প্রেক্ষাগৃহে আসার আগে ‘হুব্বা’র ট্রেলারেই দর্শক মাতালেন মোশাররফ করিম। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত কলকাতার এই ছবির ট্রেলার। আর এতে কাঁপন ধরানো গ্যাংস্টার হুব্বার চরিত্রে ধরা দিয়েছেন তিনি। অভিনয় বাচন ভঙ্গি আর সংলাপে দর্শকদের তাক লাগিয়েছেন মোশাররফ করিম। কলকাতায় মোশাররফ করিমের এটি দ্বিতীয় সিনেমা। ট্রেলারে উঠে এসেছে হুগলির কুখ্যাত গ্যাংস্টার হুব্বার নৃশংসতার ছাপ! এই ছবিতে মোশাররফ করিমকে যেভাবে তুলে ধরা হয়েছে, সেই রূপে এর আগে দেখা যায়নি তাকে। আড়াই মিনিটের ট্রেইলারের প্রায় পুরোটাই হুব্বার ভয়ংকর রূপটাই দেখানো হয়েছে। হব্বা অর্থাৎ হুব্বা শ্যামল, অপরাধ, মাদক ব্যবসা ও চাঁদাবাজিতে তার একচ্ছত্র আধিপত্য। ব্রাত্য বসু পরিচালিত হুব্বা সিনেমাটি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের হুগলির শীর্ষ সন্ত্রাসী হুব্বা শ্যামলকে কেন্দ্র করে। যাকে সবাই ডাকত হুগলির দাউদ ইব্রাহীম বলে। জানা যায়, কলকাতার এই ছবিটি আগামী জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। গেল নভেম্বরের শেষ সপ্তাহে ‘হুব্বা মুক্তির কথা ছিলো। কিন্তু শেষ সময়ে এসে সিনেমাটি মুক্তি পিছিয়ে জানুয়ারির ১৯ তারিখ ঠিক করা হয়। ছবিটির প্রচারে গত সপ্তাহে ‘হুব্বা’র প্রথম পোস্টার শেয়ার করে প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশনস। ট্যাগ লাইন জুড়ে দেয় ‘হুব্বা যখন আসবে, এলাকা তখন কাঁপবে!’। ট্রেলারে সত্যিই তার প্রতিফলন ঘটিয়েছে অভিনেতা মোশারর করিম। ‘হুব্বা’য় আরও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, শ্রাবণী দাস, সৌমিক হালদারসহ আরো অনেকে।