গাজায় ইসরাইলের হামলা আরও দু মাস চলবে। চূড়ান্ত জয় না আসা পর্যন্ত আরও তীব্রভাবে এবং বিস্তৃত পরিসরে সেখানে হামলা চালানো হবে। আর্ন্তজাতিক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথাই জানিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট।তিনি আরও জানান, সন্ত্রাসবাদকে পুরোপুরি নির্মূল করতে তাদের অভিযান অব্যাহত রাখবে। হামাসের সমস্ত কর্মকাণ্ড ধ্বংস না করা পর্যন্ত ইসরাইলি সেনারা শুজাইয়া এবং জাবালিয়া ছাড়বে না ।ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, যুদ্ধ পরিস্থিতির নানা দিক, শুজাইয়া এবং জাবালিয়ায় চলমান অপারেশন, হামাসকে খুঁজে বের করাসহ সেনাবাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করার যে দায়িত্ব দেয়া হয়েছিল গ্যালান্টকে, তা কমান্ডার ইয়ারণ ফিনকেলম্যানের সহযোগীতায় তিনি সফলভাবে তা পালন করেছেন।গ্যালান্ট তার রিপোর্টে সন্তোষ প্রকাশ করে বলেন, তাদের যোদ্ধারা ইতোমধ্যে হামাসকে নিশ্চিহ্ন করতে শুজাইয়ায় পৌঁছেছে এবং তাদের শেষ না করা পর্যন্ত সেখান থেকে ফিরবে না। গ্যালান্ট তার যোদ্ধাদের প্রশংসা করে বলেন, তারা যেভাবে হামলা চালাচ্ছে তাতে হামাস অত্যন্ত চাপে পড়েছে।এদিকে, চিফ অব স্টাফ হারজি হালেরির প্রশংসা করে গ্যালান্ট আরও বলেন, দক্ষতা ও বিবেচনার সঙ্গে সবকিছু পরিচালনা করছেন তিনি। গাজার উত্তরে তারা যেভাবে অভিযান চালিয়েছেন দক্ষিণেও একইভাবে তারা সফল হবেন বলে জানান ।হামাসকে গাজা থেকে নিশ্চিহ্ন করার লক্ষ্য অর্জন এবং যাদের অপহরণ করা হয়েছে তাদের ফিরিয়ে না আনা পর্যন্ত ইসরায়েল থামবে না বলেও জানান ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ।