বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’—খ্যাত অভিনেতা আমির খানের ২০২২ ও ২০২৩ সালটা খুব সাদামাটা ছিল। অভিনেতার সর্বশেষ চলচ্চিত্র ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর সিনেমা জগত থেকে নিজেকে দূরেই রেখেছেন তিনি। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন লুকে হাজির হয়ে রীতিমতো ভক্তদের চমকে দিয়েছেন আমির। এ যেন একেবারে সত্যজিৎ রায়ের লুক!আমিরের ওই ছবিটি শেয়ার করা হয়েছে ফটোগ্রাফার অবিনাশ গোয়ারিকারের ইনস্টাগ্রাম আইডি থেকে। তিনি মূলত ২০২৩ সালের শেষ ফটোশুট করেছেন আমিরের সাথে। ছবিতে দেখা যাচ্ছে, আমিরের চোখে কালো মোটা ফ্রেমের চশমা। মুখে একটি তামাকের পাইপ। সিগারেটের ধোঁয়া ছুটছে মুখ থেকে।এদিকে ছবিটি প্রকাশের পর থেকেই নেটিজেনরা দুয়ে দুয়ে চার মিলিয়ে নিয়েছেন। সবার একটাই প্রশ্ন, তবে কি আমির খান এবার সত্যজিৎ রায়ের বায়োপিকে অভিনয় করছেন? তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি ফটোগ্রাফার ও আমির খান কেউই। ফটোগ্রাফার অবিনাশ গোয়ারিকার ক্যাপশনে লেখেন, ‘প্রিয় আমিরের সঙ্গে বছরের শেষ শুটিং। একটা দারুণ জিনিস আসতে চলেছে।’বছরজুড়ে একাধিকবার শোনা গিয়েছে নতুন সিনেমা নিয়ে হাজির হবেন আমির খান, তবে তাকে পর্দায় দেখা যায়নি। অবশ্য অভিনেতা জানিয়েছেন, তার পরবর্তী সিনেমা ‘সিতারে জামিন পার’ আসতে চলেছে। এছাড়া এই সিনেমাতে আমির নিজেও অভিনয় করবেন।এদিকে নতুন এই ফটোশুটের আসল কারণ জানা যায়নি। এর কারণ জানতে এখন অপেক্ষা করতে হবে নেটিজেনদের।