আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হবে আইপিএলের নতুন আসর। সে হিসেবে আইপিএল শুরু হতে এখনও বেশ কয়েক মাস বাকি। ইতোমধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে। আসন্ন আসরকে সামনে রেখে নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেছে কলকাতা নাইট রাইডার্স । আবারও কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্বে ফিরলেন শ্রেয়াস আইয়ার। আইয়ারের ডেপুটি হিসেবে থাকবেন নীতিশ রানা। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি।২০২২ সালের আইপিএলে কেকেআরের অধিনায়ক হয়েছিলেন শ্রেয়াস আইয়ার। তবে পিঠের ইনজুরির কারণে আইপিএলে ২০২৩ মৌসুম খেলেননি তিনি। তার বদলে নীতিশ রানা করেন ভারপ্রাপ্ত অধিনায়কত্ব। কিন্তু এবার গৌতম গম্ভীর কেকেআর শিবিরে ফেরার পর আবারও শ্রেয়াসের হাতে অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেওয়া হলো।এদিকে, ইনজুরির কারণে বেশ ভুগতে হয়েছে শ্রেয়াস আইয়ারকে। চলতি বছরের এপ্রিলে সার্জারির পর এশিয়া কাপে দলে ফেরেন তিনি। ২০২৩ বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন এই আগ্রাসী ব্যাটার।নেতৃত্ব ফিরে পেয়ে উচ্ছ্বসিত আইয়ার। একইসঙ্গে বন্ধু নীতিশ রানাকে সহ-অধিনায়ক হিসেবে পেয়ে দারুণ খুশি তিনি। আইয়ারের মতে, এতে কলকাতার লিডারশিপ সামর্থ্য আরও বেড়েছে।শেষ বার যখন আইয়ার অধিনায়কের দায়িত্বে ছিলেন, তখন থেকে বেশ কিছু বদল হয়েছে কলকাতা ম্যানেজমেন্টে। সেসময় ব্রেন্ডন ম্যাককুলাম ছিলেন দলের কোচ। তবে এবার আইয়ার কাজ করবেন চন্দ্রকান্ত পন্ডিতের অধীনে। পাশাপাশি গৌতম গম্ভীর থাকছেন দলের মেন্টর হিসেবে। ২০১২ ও ২০১৪ সালে এই গম্ভীরের অধিনায়কত্বেই আইপিএলের শিরোপা জিতেছিল কলকাতা নাইট রাইডারস ।