লক্ষ্মীপুরের জকসিন-পোদ্দার বাজার সড়কটি দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনার শিকার হয়ে পড়েছে। সড়কের বেশিরভাগ অংশে কাপেটিং উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, যা যান চলাচলের জন্য অত্যন্ত বিপজ্জনক। প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করছে।
সড়কটির বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করলে দেখা যায়, পুরো সড়কটি খানাখন্দে ভরা এবং যানবাহনগুলো হেলেদুলে চলাচল করছে। কোথাও কোথাও বৃষ্টির পানি জমে গর্তগুলো ছোট ডোবায় পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি এখন যান চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়েছে। এর ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এই সড়কটি সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী নোয়াখালী জেলার চাটখিল উপজেলাসহ হাজারো মানুষের যাতায়াতের মাধ্যম।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে মা ব্রিকস, বিবিএম ব্রিকস ও আরবিএম ব্রিকস নামে তিনটি স্থানীয় ইটভাটার মাটিবাহী যানবাহন। এসব ট্রাক ও ডাম্পট্রাকের চলাচলে সড়কটি আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একজন গুরুতর রোগী কিংবা প্রসূতি মা-বোনদের হাসপাতালে নিতে গিয়ে স্থানীয়দের ভোগান্তি বাড়ছে, যা মৃত্যুর ঝুঁকি বাড়াচ্ছে। স্থানীয়দের দাবি, মাটিবাহী ট্রাক চলাচল বন্ধ করতে হবে এবং দ্রুত সড়ক সংস্কার করতে হবে।
একজন স্থানীয় বাসিন্দা মন্তব্য করেন, “সড়কটির এমন অবস্থা, কোনো লোক অসুস্থ হলে যে হাসপাতালে নিয়ে যাব, সেটিও এখন দুষ্কর। সড়কের মাঝে গর্ত সৃষ্টি হয়েছে, যেন মাছ চাষ করা যাবে। সোজা কথা, সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।”
অন্যদিকে, কৃষি ব্যাংকের পোদ্দার বাজার শাখার সিনিয়র অফিসার জানান, “বিভিন্ন কারণে প্রতিনিয়ত আমাদের এই সড়ক ব্যবহার করে যাতায়াত করতে হয়। কিন্তু রাস্তার যে বেহালদশা, এতে আমাদের চলাফেরা করতে খুবই কষ্ট হয়। অসুস্থ রোগীরা এ রাস্তা দিয়ে চলাচল করলে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন।”
লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা জানান, সড়কের ভাঙাচুরার কারণে কলেজে যেতে তাদের খুবই কষ্ট হচ্ছে। গাড়ির ঝাঁকুনিতে শরীরে সমস্যা দেখা দিচ্ছে, যা পড়াশোনায় ব্যাঘাত ঘটাচ্ছে।
দত্তপাড়া বাজারের ব্যবসায়ীরা জানান, ভাঙা সড়কে পণ্য নিয়ে মালবাহী ট্রাক-পিকআপভ্যান আসতে চায় না, আসলেও বেশি ভাড়া দিতে হচ্ছে। এতে তাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
অটোরিকশা চালকরা জানান, রাস্তা খারাপের কারণে গাড়ি চালাতে তাদের ভীষণ কষ্ট হচ্ছে। প্রতিনিয়ত গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে, যা তাদের আয়ের একটি বড় অংশ খরচ হয়ে যাচ্ছে।
পার্বতীনগর ইউনিয়নের ইউপি সদস্য জানান, সড়কে মানুষের ভোগান্তির বিষয়টি উপজেলা প্রশাসন ও এলজিইডি বিভাগকে জানানো হলেও কার্যত কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
এদিকে, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, জকসিন-পোদ্দার বাজার সড়কটি সংস্কারের জন্য এলজিইডি বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে। তিনি আশ্বাস দেন যে, জনদুর্ভোগ লাগবে মাটিবাহী ট্রাক প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সড়কের বেহাল দশার কথা স্বীকার করে বলেন, “এরই মধ্যে সড়কটি মেরামতের জন্য বিশ্ব ব্যাংকের একটি প্রকল্পে প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত সড়কটি সংস্কারে উদ্যোগ নেয়া হবে।