১ ডিসেম্বর সন্ধ্যায় মুক্তি পায় ‘বাহুবলি খ্যাত অভিনেতা প্রভাসের বহুল প্রত্যাশিত সিনেমা ‘সালার’-এর ট্রেলার। সিনেমাটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতের পরীক্ষিত নির্মাতা প্রশান্ত নীল। ট্রেলারটি প্রকাশ্যে আসতেই ছড়িয়ে পড়ে অন্তর্জালে।সালার: পার্ট ১- সিজফায়ার-এর ট্রেলার প্রকাশ করেছেন সিনেমাটির প্রযোজনা সংস্থা হোম্বেল ফিল্মস। যেখানে সালারের সুবিশাল জগতের এক ঝলক দেখা গেছে। কেজিএফের মতোই বিশাল এক সাম্রাজ্যের দেখা মিলেছে ‘সালার এর ট্রেলারে। রক্ত, ক্ষমতা, প্রতিশোধ আর বন্ধুত্বের গল্পে নির্মিত সিনেমাটির ট্রেলারে ভায়োলেন্স ছিল চোখে পড়ার মতো। অ্যাকশন, ক্ষমতা গ্রহণ আর বন্ধুত্ব রক্ষায় সবচেয়ে হিংস্রতম লুকেই ধরা দিয়েছেন প্রভাস। সেই সঙ্গে মালায়লাম অভিনেতা পৃথ্বিরাজ সুকুমারনও ছিলেন অনবদ্য। এমনকি ট্রেলারে দেখা মিলেছে শ্রুতি হাসান, জগপতি বাবু, ঈশ্বরী রাও এবং শ্রিয়া রেড্ডির মতো তারকাদের।সম্প্রতি সালারের নির্মাতা জানিয়েছেন, তার আসন্ন চলচ্চিত্র ‘সালার: পার্ট ১’ এর পুরো গল্পটি এত দীর্ঘ যে, এটি সম্পূর্ণভাবে বর্ণনা করতে দুটি চলচ্চিত্র লাগবে। এটির গল্প অনেক বিস্তৃত। সিনেমার ট্রেলারের মাধ্যমে সালারের দ্বিতীয় অংশ আসার আভাসই দিয়েছেন নির্মাতা।