নব্বই দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। তার পুরো নাম কাজী শারমিন নাহিদ নূপুর।চলচ্চিত্রে সালমান শাহ্, রিয়াজ, ফেরদৌস এবং শাকিব খানদের সঙ্গে জুটি বেঁধে একের পর এক সুপারহিট ছবি দিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ২০১০ সালের দিকে সিনেমায় কাজ কমিয়ে দেন এই নায়িকা। পরে পাড়ি জমান ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়ায়।সিনেমা ছেড়ে অস্ট্রেলিয়া প্রবাসী হলেও দর্শকদের কাছে নায়িকা শাবনূরের আবেদন মোটেও কমেনি। নব্বই দশক পরবর্তী বাণিজ্যিক ছবির অপরিহার্য এই নায়িকা আবার সিনেমায় ফিরছেন। তার নতুন ছবির নাম ‘মাতাল হাওয়া’। এতে শাবনূরের বিপরীতে অভিনয় করবেন মাহফুজ আহমেদ।এর আগে মাহফুজ-শাবনূরকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘চার সতীনের ঘর’ ও ‘কপাল’ ছবিতে। তবে ২০০৬ সালে তারা জুটি বেঁধেছিলেন ‘বাঙলা’ ছবিতে। প্রায় দেড় যুগ পর আবার জুটি বাঁধছেন তারা। মাহফুজ-শাবনূরকে নিয়ে এবার ‘মাতাল হাওয়া’ নির্মাণ করতে যাচ্ছেন চয়নিকা চৌধুরী।২০১৮ সালের জানুয়ারিতে সর্বশেষ শাবনূর অভিনীত ‘পাগল মানুষ’ ছবিটি মুক্তি পায়। এরপর আর রুপালি পর্দায় দেখা যায়নি ‘আমার স্বপ্ন তুমি’ ছবির এই নায়িকাকে। বর্তমানে শাবনূর ঢাকায় এসেছেন। ছবির ব্যাপারে ফলপ্রসূ আলোচনাও হয়েছে।নতুন ছবি ‘মাতাল হাওয়া’ প্রসঙ্গে শাবনূর বলেন, অভিনয়ের প্রস্তাব তো হরহামেশাই পান তিনি। কিন্তু সব গল্প কিংবা চরিত্রকে তো হ্যাঁ বলা যায় না। অনেক দিন অভিনয় করেননি এসব ভেবে। গল্প-চরিত্র পছন্দ হলে অন্য বিষয়গুলো মিলে না। আবার পরিচালক-প্রযোজক ঠিকঠাক হলে গল্পে ভরসা পাই না। তবে এবার সবকিছু সোনায় সোহাগা হয়েছে।‘মাতাল হাওয়া’র গল্প চরিত্র ভালো লেগেছে। চিত্রনাট্যও মুগ্ধ করেছে। এখন চরিত্রের উপযোগী নিজেকে করে তোলা। যেহেতু মানসিকভাবে প্রস্তুত “মাতাল হাওয়া” ছবির জন্য, এখন নিজেকে ফিটফাট করে পর্দায় আসতে চান নব্বই দশকের এই জনপ্রিয় অভিনেত্রী।