দক্ষিণ ভারতীয় রুপালী দুনিয়ার সুপারস্টার প্রভাস। সম্প্রতি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘সালার’। এটি দর্শকরা বেশ লুফে নিয়েছেন। ২০২৩ সালের শেষ মুহূর্তে এসে ভারতীয় বক্স অফিস মাতিয়েছেন প্রভাস। বর্তমানে খ্যাতিমান এ অভিনেতা রীতিমতো সিনেমাটির সাফল্য উদযাপন করছেন। এরইমাঝে প্রভাসকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা করেছেন নির্মাতা মারুতি। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি পোস্টার শেয়ার করেছেন মারুতি। সেখানেই তিনি জানিয়েছেন, নতুন রূপে আসছেন প্রভাস! পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে নির্মাতা লেখেন, ‘উত্তেজিত এবং এ মুহূর্তের জন্য বহুদিন ধরে অপেক্ষায় ছিলেন তিনি ! আনন্দের সঙ্গে রেবেল স্টার প্রভাসকে নতুন রূপে নিবেদন করা হচ্ছে। পোঙ্গলে সকলের সঙ্গে দেখা হচ্ছে।একই দিনে ভক্ত-অনুরাগীদের উত্তেজনা আরও বাড়িয়ে প্রভাসের একটি রঙিন ‘প্রি-লুক’ পোস্টারও প্রকাশ করা হয়। ক্যাপশন থেকেই স্পষ্ট বুঝা যাচ্ছে, এ সিনেমার নাম এবং প্রথম লুক প্রকাশ করা হবে পোঙ্গল উৎসবের আবহে। প্রভাসের এবারের সিনেমার প্রযোজনার দায়িত্বে রয়েছেন টিজি বিশ্বপ্রসাদ ও বিবেক কুচিবোতলা। চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছিল ওম রাউত পরিচালিত এবং প্রভাস অভিনীত সিনেমা ‘আদিপুরুষ’। সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। সেই সঙ্গে ব্যাপক সমালোচনার মুখেও পড়েছিল সিনেমাটি। তবে ‘সালার’ সিনেমার সাফল্য প্রভাসের জন্য ভীষণ আনন্দের খবর। এ সিনেমায় প্রভাস ছাড়া অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন ও শ্রুতি হাসানসহ আরও অনেকে।