আবারও খবরের শিরোনাম হলেন আফগানিস্তানের ক্রিকেটার নাভিন উল হক। সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে কোড অব কন্ডাক্ট ভঙ্গ করে ২০ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন এই পেসার।ভারতের মাটিতে সর্বশেষ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেন নাভিন। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন তিনি। আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফ্র্যাঞ্জাইজি শারজাহ ওয়ারিয়র্সের হয়ে এ মৌসুমেও খেলার কথা ছিল তার। তাদের রিটেনশন লিস্টেও ছিল এই পেসারের নাম। তবে চুক্তি সাক্ষর করতে অস্বীকার করায় এই নিষেধাজ্ঞার কবলে পড়েন তিনি।ফলে আসন্ন জানুয়ারী-ফেব্রুয়ারি মাসে টুর্নামেন্টের ২য় আসরে খেলতে পারবেন না তিনি। একই ফ্র্যাঞ্জাইজি মালিকের দল ডারবান সুপার জায়ান্টসের হয়ে নতুন চুক্তি করেছিলেন তিনি, যা শারজাহ ওয়ারিয়র্সের চুক্তি ভঙ্গের অন্যতম কারণ।আইএল টি-টোয়েন্টির তিন সদস্যের তদন্ত কমিটি তার বিরুদ্ধে এই অপরাধের সত্যতা পেয়েছে। এই কমিটিতে ছিলেন টুর্নামেন্টের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট। সেই সঙ্গে সিকিউরিটি এবং দুর্নীতি দমন প্রধান কর্নেল আজম ও আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সদস্য জায়েদ আব্বাস।তবে নিষিদ্ধ থাকলেও অন্য টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে বাধা নেই নাভিনের। আইএল টি-টোয়েন্টি আগামী আসর অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ১৯ জানুয়ারি।এর আগে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে ভিরাট কোহলির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েও সমালোচনায় পড়েছিলেন এই আফগান পেসার। এদিকে, গেলো আসরে শারজাহর সেরা পারফরমারদের একজন ছিলেন নাভিন। যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হিসাবে শেষ করেছিলেন আসর। নয়টি ম্যাচ খেলে নয় ম্যাচে ২৪.৩৬ গড়ে ১১ উইকেট নিয়েছেন আফগান পেসার নাভিন উল হক।