নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। দলে সুযোগ পেয়েছেন এক ঝাঁক তরুণ ক্রিকেটার। প্রথমবারের মতো টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার আব্বাস আফ্রিদি, উইকেটরক্ষক-ব্যাটার হাসিবউল্লাহ ও স্পিনার আবরার আহমেদ।সাইম আইয়ুবের সঙ্গে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন শাহিবজাদা ফারহান। ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে থাকায় বিবেচনা করা হয়নি নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন, ইহসানউল্লাহ ও শাদাব খানকে। সবশেষ সিরিজের দল থেকে নেই মোহাম্মদ হারিস, শান মাসুদ ও ফাহিম আশরাফ।তরুণ ক্রিকেটারদের সুযোগ দেয়ার প্রসঙ্গে পাকিস্তানের প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ জানিয়েছেন ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্সের কারণেই তরুণদের জায়গা দেয়া হয়েছে। এছাড়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে ব্যাকআপ হিসেবে প্রস্তুত করার জন্য দলে রাখা হয়েছে মোহাম্মদ রিজওয়ান, আজম ও হাসিবউল্লাহ তিন জনকেই। শেষের দু’জনকে মিডল অর্ডারে খেলানোর ভাবনা ওয়াহাব রিয়াজের। এদিকে, ২০২৩ বিশ্বকাপের পরই পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ত্ব ছেড়েছেন বাবর আজম। এই সিরিজ দিয়েই পাকিস্তানের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন শাহীন শাহ আফ্রিদি।আগামী ১২ জানুয়ারি অকল্যান্ডে শুরু হবে পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি। এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে ১৪ ও ১৭ জানুয়ারি যথাক্রমে হ্যামিল্টন ও ডানেডিনে। সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ১৯ ও ২১ জানুয়ারি ক্রাইস্টচার্চে।