সম্প্রতি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে স্টারকাস্ট খ্যাত দুটি ভারতীয় সিনেমা। যার একটি মেগাস্টার রজনীকান্ত অভিনীত তামিল সিনেমা ‘লাল সালাম’ এবং অপরটি বলিউড তারকা শহীদ কাপুর অভিনীত হিন্দি সিনেমা ‘তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া’। কিন্তু মুক্তির পর থেকে এখন পর্যন্ত বক্স অফিস দৌড়ে, রজনীকান্তকে পেছনে ফেলে এগিয়ে আছে শহীদ কাপুর।ভারতীয় চলচ্চিত্র বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী যেখানে রজনীকান্তের ‘লাল সালাম’ সিনেমাটির আয় ৮ কোটি, সেখানে শহীদ কাপুর অভিনীত সিনেমাটি আয় করেছে ১৪ কোটি রুপিরও বেশি! প্রতিবেদন থেকে আরও জানা গেছে, পুরো ভারত জুড়েও আয়ের দিক থেকে এগিয়ে শহীদ-কৃতির নতুন এই সিনেমা। কারণ, মুক্তির প্রথম দিনে ভারত জুড়ে শহীদ-কৃতির সিনেমা আয় করেছে ৭.০২ কোটি রুপি, যেখানে রজনীকান্তের ছবির আয় ৪.৬ কোটি রুপি।সেক্ষেত্রে বলাই যায়, বক্স অফিস দৌড়ে মুক্তির প্রথম দিনেই রজনীকে টেক্কা দিলেন শহীদ কাপুর!শহীদ কাপুর অভিনীত ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ সিনেমাটি পরিচালনা করেছেন অমিত যোশি এবং আরাধনা শাহ। ছবিটির গল্প এগিয়েছে মূলত রোবটিক্স কাহিনীকে ঘিরে। যেখানে এক রোবটিক্স নারীর সঙ্গে একজন মানুষের প্রেমের কাহিনী তুলে ধরা হয়েছে। বক্স অফিস আয়ের পাশাপাশি সমালোচক ও দর্শকদের কাছে সিনেমাটি ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। অন্যদিকে, মুক্তির প্রথম দিনে বক্স অফিসে খুব না জমলেও রজনীকান্ত অভিনীত ‘লাল সালাম’ দিয়ে আশাবাদী সমালোচকরা। স্পোর্টস-ড্রামা ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্ত। এই সিনেমায় আরও অভিনয় করেছেন বিষ্ণু বিশাল, বিক্রান্তসহ আরও অনেকে। তবে এ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেও দারুণ প্রশংসা কুঁড়োচ্ছেন মেগাস্টার রজনীকান্ত। ক্রীড়া ভিত্তিক এই চলচ্চিত্রটি মূলত বিশেষ এক সামাজিক বার্তাই সিনেমাতে প্রদান করেছে।