প্রেক্ষাগৃহে মুক্তির এক বছর আগেই গিনেস বুকে রেকর্ড গড়লো হলিউড ধাঁচে নির্মিত অ্যাটলি পরিচালিত দক্ষিণী তারকা আল্লু অর্জুন ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন অভিনীত নতুন সিনেমা ‘রাকা’। সিনেমাটির ভিডিওতে প্রযুক্তির ব্যবহার ও অসাধারণ কিছু বিশেষ দৃশ্যের কারণে মুক্তির আগেই আন্তর্জাতিক পরিসরে নজির তৈরি করেছে ‘রাকা’।
সোমবার (২১ সেপ্টেম্বর) নির্মাতা অ্যাটলির ৪০তম জন্মদিনে গিনেস বুকে রেকর্ড গড়ার সুখবর ভক্তদের প্রকাশ্যে আনে প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স। একই সঙ্গে গিনেস কর্তৃপক্ষের হাত থেকে ঐতিহাসিক সনদপত্র গ্রহণের ছবিও প্রকাশ করেন।
জানা যায়, ‘রাকা’ সিনেমার একটি দৃশ্যে একই সময়ে ৩৭ জন শিল্পীর গতিবিধি ক্যামেরাবন্দি রয়েছে। একসঙ্গে ৩৭ জন পারফর্মারের ‘রিয়েল-টাইম মোশন ক্যাপচার’ শুধু ভারতে নয়, আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনেও এক নজিরবিহীন ঘটনা। আর সেটি করেই রেকর্ড গড়েছে সিনেমাটি।
‘রাকা’র পরিচালক অ্যাটলির দাবি, এ সিনেমায় বিশেষ কিছু এমন অসাধারণ দৃশ্য রয়েছে যা হলিউডের পরিচালক জেমস ক্যামেরন তার‘অ্যাভাটার’সিনেমাতেও দেখাননি। একজন ভারতীয় হিসেবে সেটি প্রথম করে দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
এদিকে আসন্ন সিনেমার ওই দৃশ্য দেখে দক্ষিণী পরিচালক সিবি চক্রবর্তী জানান, পরিচালক এসএস রাজামৌলী ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছেন, তার বিশ্বাস অ্যাটলিও ভারতীয় সিনেমাকে বিশ্বের দরবারে আরও বড় জায়গায় পৌঁছে দেবেন।
সায়েন্স-ফিকশন অ্যাকশন ড্রামার সিনেমা ‘রাকা’। সান পিকচার্স প্রযোজিত বিগ বাজেটের এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন। সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর এবং মৃণাল ঠাকুর।