কিম জং উনের পর উত্তর কোরিয়ার পরবর্তী সর্বোচ্চ নেতা হবেন তার মেয়ে কিম জু-আয়ে। এমনটি জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা।প্রতি্বেদনে বলা হয়, দীর্ঘদিন ধরেই কিম জু-আয়ের ওপর নজরদারী চালিয়ে আসছে দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এন আই এস। পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক কার্যক্রমে স্পষ্ট হয়েছে যে কিম জং উনের মেয়েই উত্তর কোরিয়ার পরবর্তী উত্তরাধিকারী হবেন।প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন প্রশাসনিক ও সরকারি কাজে কিম জু-আয়ের উপস্থিতি এবং তার প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর ঘটনায় স্পষ্ট হয়েছে বিষয়টি। তবে কিম এখনও অল্প বয়সী হওয়ায় এখনই অন্য সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না এই প্রতিবেদন।২০২২ সালের শেষ দিকে প্রথম প্রকাশ্যে দেখা যায় কিম কন্যাকে। এরপর থেকেই তাকে হাই প্রোফাইল হিসেবে বিবেচনা করা হচ্ছে।গেলো মাসে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার একত্রকরণমন্ত্রীও কিমের মেয়েকে নিয়ে একই ধরনের ইঙ্গিত দিয়েছিলেন।উত্তর কোরিয়া বিষয়ক পর্যবেক্ষকেরাও বলেছেন, ২০২২ সালের নভেম্বরে প্রথম জনসমক্ষে আসার পর থেকে জু আয়েকে ‘রেসপেক্টেড হিসেবে সম্বোধন করা হচ্ছে। এর আগে তাকে স্নেহভাজন হিসেবে উল্লেখ করা হতো।উত্তর কোরিয়ায় সবচেয়ে সম্মানিত মানুষদের জন্যই রেসপেক্টেড শব্দটি সংরক্ষিত। কিম জং–উনকে ‘রেসপেক্টেড কমরেড হিসেবে সম্বোধন করা হয়।এদিকে, গত ডিসেম্বরে উত্তর কোরিয়ার হোয়াসং-১৮ আন্ত-উপমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় জু আয়েকে তার বাবা উনের সঙ্গে দেখা গেছে। এর আগে,১ নভেম্বরে মালিগইয়ং-১ গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণের সময়ও তাকে দেখা যায়।উত্তর কোরিয়ার নেতা কিম উন বরাবরাই তাঁর পরিবারের ব্যাপারে কঠোর গোপনীয়তা অবলম্বন করে থাকেন। বিশ্লেষকেরা বলছেন, মেয়ে যেন ক্ষমতা গ্রহণের আগেই নিজেকে প্রস্তুত করে নিতে পারে, তা নিশ্চিত করতেই হয়তো উন মেয়েকে আগেভাগেই জনসমক্ষে নিয়ে আসছেন।