রাজধানীর ধানমন্ডি এলাকার রাস্তায় রোববার (১৮ আগস্ট) সকাল থেকেই একটি ল্যান্ড ক্রুজার গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখছিলেন পথচারী ও স্থানীয়রা। গাড়ির ভেতরে চালক বা কাউকে দেখা যাচ্ছিল না।
ধানমন্ডির বাইতুল আমান মসজিদের সামনের দিকের রাস্তায় এভাবেই সারাদিন পার্ক করে রাখা ছিল বিলাসবহুল গাড়িটি। কে বা কারা গাড়িটি ফেলে গেছেন তা এখনবধি জানা যায়নি। গাড়িটির বর্তমান বাজারমূল্য ২ কোটি টাকার বেশি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে গাড়িটি একই স্থানে পড়ে ছিল। দীর্ঘক্ষণ এক জায়গায় দাঁড়ানো দেখে সন্দেহ হয় অনেকের। পরে সামনে গিয়ে গাড়িটি আনলক অবস্থায় পাওয়া যায়। এরপর স্থানীয়রা সেটির দরজা খুলে দেখেন গাড়ির ভেতরে কেউ নেই।
এদিকে, মালিকবিহীন গাড়ি দীর্ঘসময় পড়ে থাকায় সুযোগ পেয়ে কে বা কারা এর লুকিং গ্লাস খুলে নিয়ে গেছে।
ধানমন্ডির বাইতুল আমান মসজিদের সামনের দিকের রাস্তায় কেউ একজন ল্যান্ড ক্রুজার গাড়ি ফেলে গেছেন। রোববার সকাল থেকে গাড়িটি এখানে পড়ে আছে, গাড়িটি আনলক অবস্থায় আছে।
এদিন গভীররাতে সেনাবাহিনীর সহযোগিতায় গাড়িটি র্যাকারে করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। গাড়ির নম্বর প্লেটে দেখা গেছে, এতে ঢাকা মেট্রো- ঘ ২১-৮৪৫৬ লেখা রয়েছে।
সারাদিন রাত মিলে গাড়িটির মালিকের সন্ধান না পেলেও কিছু তথ্য ও ছবিতে নিশ্চিত হওয়া গেছে গাড়িটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের।

জানা গেছে, গাড়িটি কেনা হয়েছিল ২০২২ সালের ৩১ জুলাই। কিন্তু রেকর্ড আপডেট করা হয়েছে একই মাসের ২৮ জুলাই। ট্যাক্স টোকেন ইস্যু করা হয় ২০২২ সালের ৩ আগস্ট। যার মেয়াদ গত ৩০ জুলাই শেষ হয়েছে। ট্রাস্টি সার্টিফিকেট ২০২৩ সালের ৩ আগস্ট। সেটিরও মেয়াদ গত ৩ আগস্ট শেষ হয়েছে। গাড়িটি ম্যানুফেকচার করার সময় ২০২২। গাড়ির মালিকের নামের স্থানে আসাদুজ্জামান খান কামাল এবং তার বাবা মৃত আশরাফ আলী খান দেওয়া হয়েছে। আর গাড়িটির রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে মিরপুর বিআরটিএ থেকে।
এছাড়াও গাড়ি কেনার জন্য করের টিন নম্বরের জায়গায় (৫১১১১১২৫৫০৫৬) দেওয়া হয়েছে। মালিকের মোবাইল ফোন নম্বর হিসেবে দেওয়া হয়েছে -০১৭১১-৫৪১৫৬৯।

জানা গেছে, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর মন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী পালাতে শুরু করেন। গা ঢাকা দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও। যদিও তার এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। রাজনৈতিক নেতা-কর্মীরা তাদের বাড়ি থেকে পালানোর কারণে লোকজন ক্ষুব্ধ হয়ে ভাঙচুর হামলা চালাচ্ছিল। এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর এই গাড়িচালক গাড়িটি নিয়ে তার বাসার গ্যারেজে রেখেছিলেন। কিন্তু সম্প্রতি আতঙ্ক বেড়ে যাওয়ায় গাড়িটি ধানমন্ডির সেই রাস্তায় রেখে পালিয়ে যান চালক।
ধারণা করা হচ্ছে, বিক্ষুব্ধ জনতার হাত থেকে গাড়িটি রক্ষার উদ্দেশ্যেই এমন কৌশল বেছে নিয়েছেন গাড়িচালক। তবে সেই গাড়িটি পুলিশের কোন সদস্য চালাতেন তার নাম জানা যায়নি।